তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের শুরু থেকেই দৌলতখানে তপামাত্রা বেড়েই চলেছে। তীব্র গরমে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। বৃষ্টির দেখা নেই, অন্যদিকে আবহাওয়া অফিস থেকে তাপমাত্রা কমার সুখবর মিলেনি। তাই বৃষ্টি চেয়ে ‘ইসতিসকার’ নামাজ আদায় করেছেন ভোলার দৌলতখানের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার (২৬ এপ্রিল) বেলা চারটার দিকে উপজেলার পৌরসভা ৭ নং ওয়ার্ডে পাঠাগার মসজিদের সামনে স্থানীয় মুসল্লিদের আয়োজনে নামাজের আয়োজন করা হয়। এতে বিভিন্ন এলাকায় শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজের ইমামতি করেন দৌলতখান পাঠগার মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা বেলায়েতুল ইসলাম । নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়।
নামজের খুতবা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন দৌলতখান মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মো. রেযাউল করিম বুরহানী। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে বৃষ্টি প্রত্যাশায় দোয়া করেন। স্থানীয়রা বলেন, তীব্র রোদে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে, ফসলের মাঠেও বৃষ্টি নেই, শুধু মানুষ নয় প্রাণীরাও কষ্ট পাচ্ছে, তাই আমরা নামায আদায় করে মহান আল্লাহর দরবারে দোয়া করলাম বৃষ্টির আশায়।
