ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে একপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইয়াকুব মিয়া (৩৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংসার গ্রামে সামিউন বাসির ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল আজ শুক্রবার। বিকেলের ফাইনাল খেলায় পশ্চিম পাড়া দলকে উত্তর পাড়া দল পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পশ্চিম পাড়া দল উল্লাস শুরু করলে উত্তর পাড়া দলের কয়েকজন বাধা দেন। পরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় নাজাতের গোষ্ঠীর কুদ্দুস মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। ছুরিকাঘাতে ইয়াকুব, জুয়েল, কামাল,আরমান সহ ৫/৬ জন আহত হন। তাদরকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. শরিফুল হক বলেন, ইয়াকবের পিঠে ছুরিকাঘাতের চিহৃ আছে। তার শরীর থেকে অধিক রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আসলাম হোসাইন বলেন, হত্যার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
