খুলনায় প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পিএম

খুলনার ডুমুরিয়ার কৈপুকুরিয়া মাগুরখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিভাবকদের অভিযোগ, চলতি বছর ৬মে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই অর্থের বিনিময়ে তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হচ্ছে। যা নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরে দাখিলকৃত অভিযোগে জানা গেছে, পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ডুমুরিয়ার কৈপুকুরিয়া মাগুরখালি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিকল্পনা রয়েছে।  সেই পরিকল্পনা বাস্তবায়নে আগামী ২৭ এপ্রিল শনিবার সাজানো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

নামমাত্র পরীক্ষা নেওয়া হলেও অর্থের বিনিময়ে বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক তন্ময় মন্ডলকে নিয়োগ দেওয়া হবে। তাই খুলনা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে এর প্রতিকার চেয়েছেন বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক বিধান মোহন্ত। 

বিধান মোহন্ত দেশ রূপান্তরকে জানান, আমরা এলাকাবাসী বিদ্যালয়ের উন্নতি চাই। আমাদের প্রত্যাশা প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ হবে। কিন্তু অর্থের বিনিময়ে ( ১০ লাখ টাকা) বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক তন্ময় মন্ডলকে নিয়োগ দেওয়ার বিষয়টি আগেই সিন্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই শিক্ষক তন্ময় মন্ডল প্রধান শিক্ষকের জন্য কোনভাবেই যোগ্য না এমন দাবি করেন তিনি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিমল কৃষ্ণ সানা বলেন, বিধান মোহন অসত্য অভিযোগ করেছেন। কোন অনিয়ম-দুর্নীতি হবে না। পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকেই নিয়োগ দেওয়া হবে। 

জানতে চাইলে ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার দেবাশীষ  বিশ্বাস বলেন, অভিযোগে সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত