মুজিবনগরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৪ এএম

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে মুজিবনগর উপজেলার মহাজনপুর, তারানগর ও রশিকপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচার অফিসকে কেন্দ্র করে গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) রাতে মুজিবনগর উপজেলার সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের কর্মী সমর্থকরা ইটপাটকেল, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তোতার সমর্থক ইসলাম শেখকে গুরুত্বও আহত হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রফিকুল ইসলাম তোতার অভিযোগ, সন্ধ্যা সাড়ে ১০টার দিকে আমাম হোসেন মিলুর কিছু সমর্থক আমাদের মহাজনপুর বাজারের একটি অফিসে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে। এতে ক্ষিপ্ত হয়ে তার সমর্থকরা প্রতিরোধে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আমাম হোসেন মিলু জানান, আমাদের সমর্থকরা মহাজনপুর গ্রামে একটি নির্বাচনী অফিস উদ্বোধনের জন্য রফিকুল ইসলাম তোতার নির্বাচনী অফিসের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় তার সর্থকরা আমাদের সমর্থদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার ১১ জন কর্মী সমর্থক আহত হয়েছে। পুলিশের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলেই জড়িতদের চিহ্নিত করা যাবে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কুমার দত্ত বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য মুজিবনগর উপজেলার মহাজনপুর, তারানগর ও রশিকপুর গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত