ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিন তার কাজের জন্য এক টাকাও বেতন পান না বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
আজ শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বায়ু দূষণরোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠাণ্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত কিছুদিন ধরেই দেখছি আমাদের চিফ হিট অফিসারের বেতন-ভাতা নিয়ে অনেকে কথা বলছেন। কেউ বলছেন হিট অফিসার সিটি করপোরেশন থেকে বেতন-ভাতা নিচ্ছেন। কিন্তু হিট অফিসারকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। সিটি করপোরেশন থেকে এক টাকাও তিনি পান না। করপোরেশনে তার কোনো বসার বন্দোবস্তও নেই। তার কোনো চেয়ারও নেই।
চিফ হিট অফিসারের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দিচ্ছে। হিট অফিসার একজন একক ব্যক্তি। সে তো কাজগুলো বাস্তবায়ন করবে না। সে পরামর্শ দিচ্ছে কিন্তু কাজগুলো আসলে আমাদের সবাইকে করতে হবে। তার পরামর্শেই জনগণকে স্বস্তি দিতে আমরা এই কাজগুলো করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, সারা বিশ্বে বিভিন্ন দেশে তাপমাত্রা নিয়ন্ত্রণে চিফ হিট অফিসের নিয়োগ দেয় অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। তার অংশ হিসেবে ডিএনসিসিতে তারা বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে। এখন হিট অফিসার আমাদের মাত্র সাজেশন দিচ্ছেন। কাজ কিন্তু আমরাই (সিটি করপোরেশন) করছি। হিট অফিসার কোনো কাজ করবে না।
বুশরা আফরিন ডিএনসিসিতে নিযুক্ত হওয়ার পর নিয়মিত পরামর্শ দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, এখন বুশরা আফরিন সিটি করপোরেশনকে পরামর্শ দেওয়ার পাশাপাশি ডিএনসিসি এলাকার বস্তিগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং জনসচেতনতা বাড়াতে নিজ উদ্যোগে যাচ্ছে। তাপপ্রবাহের ক্ষতিকর দিকগুলো নাগরিকদের বুঝাচ্ছেন। কারণ, বস্তি এলাকাগুলোর টিনশেড ঘরে গরম অনেক বেশি থাকে। এ ছাড়া গত এক বছরে বস্তি এলাকাগুলোতে প্রায় সাড়ে পাঁচ হাজার কাজ লাগিয়েছেন বুশরা আফরিন বলে তিনি জানান।
গাছ লাগিয়ে গিনেস বুকে নাম লেখাতে চায় ছাত্রলীগ
কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি যেসব এলাকায়