গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ বহনের জন্য গাড়ি কেনার কথা থাকলেও কেনা হয়েছে মাইক্রোবাস। এ ছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের খাবার, ওষুধপত্র সরবরাহসহ আউটসোর্সিং জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
আজ সোমবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান চালায়।
দুদকের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ জমা পড়ে দুদকে। ওই অভিযোগ আমলে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম কলেজে অভিযান পরিচালনা করে। অভিযানকালে হাসপাতালের মরদেহ পরিবহনকারী গাড়ি ক্রয়ের পরিবর্তে মাইক্রোবাস ক্রয়, ভর্তিকৃত রোগীদের খাবার, ওষুধপত্র সরবরাহ এবং আউটসোর্সিং জনবল নিয়োগসহ অন্যান্য খাতের দরপত্রের অভিযোগ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
এ ছাড়া শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পে আসবাবপত্র, যন্ত্রপাতি ও জমি ক্রয় সংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন একটি প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে কমিশন পরবর্তী ব্যবস্থা নেবে।
দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের অপর একটি টিম নীলফামারী জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে হাসপাতালের অবস্থা পর্যবেক্ষণ করে এবং আগত সেবাগ্রহীতাদের কাছ থেকে সেবার মান সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। দুদক টিম হাসপাতালের হাজিরা খাতা, বায়োমেট্রিক হাজিরা পর্যালোচনায় এবং হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য মতে চিকিৎসক ঘাটতির কারণে সেবা প্রদানে বিঘ্ন হচ্ছে প্রতীয়মান হয়। অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশনে একটি প্রতিবেদন দাখিল করবে।
মেক্সিকোয় বাস উল্টে নিহত ১৪, আহত ৩১
টুকুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ