চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় সিডিএ ভবনে আসেন এবং সকল কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত হয়েছেন কি না সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় অনেককে উপস্থিত না দেখে কর্মকর্তাদের অফিস টাইমের বিষয়ে সতর্ক করেন এবং সকলকে সকাল ৯টায় অবশ্যই অফিসে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশনা দেন।
এদিকে কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় তিনি সিডিএর ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সকলের সহযোগিতা চান। কর্মকর্তাদের পরিচিতি সভার পাশাপাশি সিডিএর বোর্ড সদস্যদের সাথেও মিটিং করেন এবং সিডিএ সিবিএ নেতৃবৃন্দের সাথেও সভা করেন।
পরিচিতি সভায় তিনি কি নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে সিডিএর একাধিক কর্মকর্তা জানান, নতুন চেয়ারম্যান যোগদানের প্রথম দিনেই সকলকে অফিস টাইমের প্রতি সতর্ক করেন। এমনকি অনেক প্রকৌশলী সাইটে (প্রকল্প এলাকায়) থাকার নাম দিয়ে অফিসে না আসার বিষয়েও তাদের সতর্ক করেন।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এ ধারা—৭ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নতুন নিয়োগ দেয়া হয়েছে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনছুকে। তিনি আগামী তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক হিসেবে চেয়ারম্যান থাকবেন। এর আগে গত ২৪ এপ্রিল সিডিএর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের তিন বছরের মেয়াদ শেষ হয়। ২০১৯ সাল থেকে দুই মেয়াদে টানা পাঁচ বছর সিডিএ চেয়ারম্যানের পদে ছিলেন। ২০০৯ সাল থেকে সরকারের যুগ্ম সচিব পদ মর্যাদার এই পদে চুক্তিভিত্তিক রাজনৈতিক নিয়োগ দিয়ে আসছে সরকার। সবার প্রথমে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমানে বোয়ালখালী—চান্দগাঁও আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম এই পদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। টানা ১০ বছর চেয়ারম্যান থাকার পর ২০১৯ সালের ১৮ এপ্রিল দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছিল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষকে।