কবর থেকে মরদেহ ও কঙ্কাল চুরি বন্ধে ব্যর্থতায় হাইকোর্টের রুল

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৫:৫০ পিএম

কবর থেকে মরদেহ ও কঙ্কাল চুরি বন্ধে ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে মরদেহ ও কঙ্কাল চুরির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে এবং কবরস্থানগুলোর যথাযথ তদারকি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ধর্ম সচিব, স্থানীয় সরকার সচিব, সকল সিটি করপোরেশনসহ ২৫ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে আদালত।

‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস’ পক্ষে গত ১৪ মার্চ এ রিট আবেদনটি করা হয়। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. গোলাম রহমান ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ।

অ্যাডভোকেট গোলাম রহমান ভূঁইয়া বলেন, ‘প্রায়শই দেশের বিভিন্ন স্থানে কবর থেকে মরদেহ ও  চুরি হয়। দেশে বিভিন্ন প্রকার আইন আছে। সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আইন থাকলেও সার্বজনীন ও সুনির্দিষ্ট কোনো আইন নেই। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মরদেহ ও কঙ্কাল চুরি নিয়ে ব্যর্থতা এবং কবরস্থান তদারকিতে রুল দিয়েছেন। এছাড়া এ বিষয়ে সার্বজনীন ও সুনির্দিষ্ট একটি আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না এই মর্মেও রুল দিয়েছেন হাইকোর্ট।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত