জুতার মধ্যে সোনার বার

আপডেট : ০২ মে ২০২৪, ০৫:২৬ পিএম

খুলনায় সাত পিস স্বর্ণের বারসহ মোহাম্মদ আবু কালাম (৪৪) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে নগরীর  লবণচরা থানা এলাকার সিটি বাইপাস সড়কের সাচিবুনিয়া মোড় থেকে ইমাদ পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আবুল কালামের বাড়ি ঢাকার কেরাণীগঞ্জ এলাকায়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর ওজন ৭৩৮ দশমিক ৩ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৩২৬৪) ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেয়। বাসটি নগরীর লবণচরা থানা এলাকার সিটি বাইপাস সড়কের সাচিবুনিয়া মোড় এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তল্লাশি চালিয়ে আবু কালামের স্যান্ডেলের সোলের ভেতর থেকে সাত পিস স্বর্ণের বার উদ্ধার করে। স্বর্ণের বারগুলো আবু কালামের স্যান্ডেলের সোলের মধ্যে সুকৌশলে লুকানো ছিলো।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, এসব স্বর্ণ সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল। ঢাকা-সাতক্ষীরার এই রুটটি স্বর্ণ পাচারকারীরা নিরাপদ মনে করে বলে এই ধরনের ঘটনা বার বার ঘটছে। এ জন্য হাইওয়ে সংলগ্ন এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। 
এ ছাড়া আটককৃত মোহাম্মদ আবুল কালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপকমিশনার। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত