আসছে পার্বতী বাউলের বায়োপিক, পরিচালনায় কে?

আপডেট : ০২ মে ২০২৪, ০৭:৫৬ পিএম

লালন ফকিরের জীবনকাহিনী নিয়ে নির্মিত হয়েছিল সিনেমা। ‘মনের মানুষ’-এর পর এবার নির্মিত হতে যাচ্ছে পার্বতী বাউলের  বায়োপিক। এবার কোচবিহারের মৌসুমী পাড়িয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠার গল্প দেখা যাবে পর্দায়।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে পারফরম্যান্সের পর নিজ মুখেই এই ছবির কথা জানিয়েছেন পার্বতী। বায়োপিকের নামও ‘জয়গুরু’। পরিচালনা করবেন টলিউডের সৌম্যজিৎ। ‘হোমকামিং’-এর পর এটা তার দ্বিতীয় ছবি। গত এক বছর ধরে পার্বতীর আশ্রমে যাতায়াত করতে করতেই গল্প চিত্রনাট্য ছকে ফেলেছেন তিনি। শিল্পীও দ্বিধাবোধ করেননি সবুজ সংকেত দিতে। তবে সিনেমা নিয়ে এখনই খুব একটা তথ্য দিতে নারাজ পরিচালক।

তিনি জানিয়েছেন, কাজের সূত্রে এক বাউল শিল্পীর সঙ্গে মুম্বাইয়ের এক সঙ্গীত পরিচালকের পরিচয়। তারপর একদিন আচমকাই নিরুদ্দেশ হয়ে যান শিল্পী! কিন্তু কেন? এভাবেই এগোবে গল্প। পার্বতী আদতে কোচবিহারের মেয়ে। সুনীতি অ্যাকাডেমির পড়ুয়া। ট্রেনে চেপে শান্তিনিকেতন পাড়ি দেওয়া, অন্ধ বাউলের গান শুনে সে গানের ভক্ত হওয়া সেখান থেকে তার পার্বতী বাউল হয়ে ওঠার সফর থাকবে এই বায়োপিকে। 

চিত্রনাট্যের কাজ আপাতত চলছে। আগামী কান ফিল্ম ফেস্টিভ্যালেও জায়গা করে নিয়েছে এই সিনেমা। পার্বতী নিজেও নাকি এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত। সিনোম্যাটোগ্রাফির দায়িত্বে বরফি, তামাশা, রামলীলা খ্যাত রবি বর্মণ।

আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু হবে কলকাতা, শান্তিনিকেতন, বৃন্দাবন, কেরল, আমেরিকা, ফ্রান্সের মতো লোকেশনে। পার্বতীর জন্মসূত্র কোচবিহারকেও সম্ভবত দেখা যেতে পারে এই ছবিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত