কুড়িগ্রামের চিলমারীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সঙ্গে অভিমান করে ঘরছাড়া হয়েছিল সে। নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার করা হলো।
বৃহস্পতিবার (২ মে) বিকেলে ওই ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানিয়েছেন ওসি।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত শিক্ষার্থীর নাম মাফিয়া সিদ্দিকা পরিনা (১৪)। সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম ভাটিয়াপাড়া এলাকার পনির উদ্দিনের মেয়ে। ২৮ এপ্রিল সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে যায়।
এসআই দিলীপ কুমার রায় জানান, মা-বাবার সাথে অভিমান করে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়। পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সোনার পাড়া এলাকা থেকে দুঃসম্পর্কের এক আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার করে।
