ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। চলছে ব্যাপক ধড়পাকড় ও সংঘর্ষ।
এরই মধ্যে বিক্ষোভে উত্তাল থাকা বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ঘনিয়ে এসেছে স্নাতক সমাপনী অনুষ্ঠানের সময়। এসব অনুষ্ঠানে বাধা দিতে পারেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা, এমন শংকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বিবিসি জানিয়েছে, কলাম্বিয়া ইউনিভার্সিটিসহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চলতি মাসে ও পুরো জুন মাস জুড়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
একদিনে স্নাতক সমাপনী অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করার চেষ্টায় রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে এসব আয়োজন বর্জন, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসা বা ওয়াকআউট করাসহ বিভিন্ন বিকল্প কর্মসূচির চিন্তা করছেন বিক্ষোভকারীরা।
বিবিসি বলছে, আইইউ ডাইভেস্ট অ্যান্ড দ্য প্যালেস্টাইন সলিডারিটি কমিটি বিক্ষোভকারী শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে ওয়াকআউটের ডাক দিয়েছে।
এছাড়া ব্লুমিংটনে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট পামেলা হুইটেন বক্তৃতার সময় ওয়াক-আউটের সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের শুরুতে ফিলিস্তিনি শিল্পীর প্রদর্শনী বাতিল এবং ফিলিস্তিনিপন্থী ছাত্র গোষ্ঠীর স্পনসর হিসাবে কাজ করা একজন ফ্যাকাল্টি সদস্যকে স্থগিত করার পরে ফ্যাকাল্টি সদস্যদের কাছ থেকে অনাস্থা ভোটের মুখোমুখি হয়েছিলেন পামেলা হুইটেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে বিবিসি বলছে, অনুষদের সদস্যরা অনুষ্ঠানটিতে হস্তক্ষেপ না করে তাদের অসন্তোষ প্রকাশ করার জন্য অনুষ্ঠানের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের বাইরে নীরব প্রতিবাদ জানানোর পরিকল্পনা করছেন।
দুই সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ হয়েছে ইউনিভার্সিটি অব মিশিগান, ওহাইও স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব কানেকটিকাটে। তিনটি ক্যাম্পাসে আজ শনিবার ও আগামীকাল রোববার স্নাতক সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মিশিগান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো ব্যানার ও পতাকা বহন করা নিষিদ্ধ থাকবে। সবাইকে তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সতর্ক করে বলা হয়েছে, অনুষ্ঠানস্থলে স্বেচ্ছাসেবকেরা থাকবেন, পর্যবেক্ষণ করবেন। বাধা দেওয়া হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হবে।
বিবিসি জানায়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ধাপে ধাপে ৪৫টি রাজ্য এবং ওয়াশিংটন ডিসি জুড়ে প্রায় ১৪০টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে ক্যাম্পাসে তাঁবু খাটিয়ে চলছে টানা বিক্ষোভ। অনেক ক্যাম্পাসে পুলিশি অভিযান চলছে। আটক করা হয়েছে দুই হাজারেরও বেশি বিক্ষোভকারীকে।
