‘ট্রাক্টর বয়েজ’রা ২২ বছর পর আবার প্রিমিয়ার লিগে

আপডেট : ০৪ মে ২০২৪, ০৮:১৯ পিএম

ইংলিশ ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপের এই মৌসুমের শেষ দিন ছিল আজ। ইপসউইচ টাউন মুখোমুখি হয়েছিল হাডার্সফিল্ডের। ঘরের মাঠে তারা হাডার্সফিল্ডকে ২-০ গোলে হারিয়েছে। আর তাতেই ২২ বছর পর ফের প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে। সবশেষ ২০০২ সালে লিগে খেলেছিল ‘ট্রাক্টর বয়েজ’ খ্যাত ইপসউইচ।

৯৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে আগেই লেস্টারসিটি প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছিল। লড়াই হচ্ছিল ইপসউইচ ও লিডসের মধ্যে। ট্রাক্টর বয়েজরা জিতলেও জিততে পারেনি লিডস। ৯০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েই থাকতে হলো তদের। আর ৯৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সরাসরি প্রিমিয়ার লিগে উঠে গেল ইপসউইচ।

ক্লাবের প্রশাসনিক দুর্বলতা ও আর্থিক দৈন্যদশার কারণে ২০০১-০২ মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয় ইপসউইচের। এক পর্যায়ে তৃতীয় স্তর লিগ ওয়ানেও নেমে যায় তারা। গত বছর লিগ ওয়ান থেকে এবার চ্যাম্পিয়নশিপে এসেছিল। সেখানেও তারা দ্বিতীয় হয়েছিল। পরপর দু বছর নিচের স্তর থেকে উপরের স্তরে যাওয়া দলের সবশেষ নজির ২০১২ সালে সাউদাম্পটনের।  

এই চ্যাম্পিয়নশিপ থেকে আরও একটি দল যাবে প্রিমিয়ার লিগে। পয়েন্ট তালিকার তৃতীয় থেকে ষষ্ঠ স্থান অর্জনকারী দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে দুটি দল খেলবে প্লে অফে। আর সেই ম্যাচের জয়ী দলটি তৃতীয় দল হয়ে যাবে প্রিমিয়ার লিগে।

প্রিমিয়ার লিগ থেকে তিনটি দলের অবনমন নিশ্চিত হবে। ইতোমধ্যে শেফিল্ডের অবনমন নিশ্চিত হয়েছে। ঝুঁকিতে আছে বার্নলি, লুটন টাউন ও নটিংহ্যাম ফরেস্ট।  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত