আদালত অবমাননার অভিযোগ: বিএনপি নেতা আলালকে হাইকোর্টে তলব

আপডেট : ০৪ মে ২০২৪, ০৮:৫৬ পিএম

বিচারকদের নিয়ে কটু মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তলব করেছে হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে আদালত।

আগামী ১৪ মে সকাল সাড়ে ১০টায় হাইকোর্টের আদেশকারী বেঞ্চে তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে আদেশে। গত ২৯ এপ্রিল বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ স্বত:প্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়। 

আজ শনিবার আদেশের বিষয়টি জানা যায়। রুলে মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না এবং কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে তাকে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট।  

হাইকোর্টে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া বিচারপতি, বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক  রহমানকে খালাস (হাইকোর্টে সাজা) দেওয়া বিচারককে নিয়ে সরকারকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য সম্বলিত ভিডিও ফুটেজের ভিত্তিতে মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আদালত অবমাননার এ অভিযোগ আনা হয়েছে।

আদেশে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যানকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই ভিডিও ফুটেজ অপসারণ করতে বলেছে হাইকোর্ট। 

সংশ্লিষ্ট আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী আকবর খান দেশ রূপান্তরকে বলেন, ‘ভিডিও ফুটেজ উপস্থাপনের পর তার (আলাল) বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ও তাকে তলব করেছেন হাইকোর্ট।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত