জ্ঞাত আয় বর্হিভূত ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪১৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কারাবন্দী বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ রবিবার (৫ মে) দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ড. আবদুল আজিজ ভূঁইয়া এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে দুদকের পাবলিক প্রসিকিউটর কাজী সানোয়ার আহমেদ লাভলু দেশ রূপান্তরকে জানান, চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দুদক, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর আদালতে উক্ত মামলাটি দায়ের হয়। এই মামলার তদন্ত কর্মকর্তা দুদক, প্রধান কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম বিএনপি আসলাম চৌধুরীকে আলোচ্য মামলায় চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে তাকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে কুমিল্লার কারাগার থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
