নরসিংদীর শিবপুরে নিজঘর থেকে সোনিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের বংশিরদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী নিশিদ ভূইয়াকে আটক করেছে পুলিশ। নিহত সোনিয়া আক্তার উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার বাদশা সরকারের মেয়ে।
নিহতের স্বজনদের অভিযোগ, রাতে স্বামী নিশিদের নির্যাতনে সোনিয়ার মৃত্যুর খবর পেয়ে ঘরে তার মরদেহ দেখতে পান স্বজনরা। স্বামী নিশিদ পরকীয়াসহ বিদেশে যাওয়ার জন্য সোনিয়ার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে আসছিলেন। এর আগেও তাকে ঘর করে দেওয়াসহ বিদেশে পাঠায় সোনিয়ার পরিবার। পরে কাউকে কিছু না বলেই দেশে চলে আসেন তিনি। পরে বিদেশে যাওয়ার জন্য আবারও টাকা না দেওয়ায় সোনিয়াকে নির্যাতনের পর হত্যা করে স্বামীর পরিবার।
নিহতের বাবা বাদশা সরকার বলেন, রাত ৪টায় মেয়ের চাচা শাশুড়ি আমাকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলেন। আমি এসে দেখি মেয়েকে শুইয়ে রাখা হয়েছে। তারা জানায় মেয়ে গলায় ফাঁস দিয়েছে। আমার মেয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করবে না। তাকে মেরে আত্মহত্যার কথা বলা হচ্ছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদনে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হবে।। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।
গরু কিনতে বেরিয়ে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের
মেক্সিকোতে নিখোঁজ ৩ বিদেশি পর্যটকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার