সুন্দরবনে আগুন লাগার কারণ গভীরভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৬ মে) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এই নির্দেশনা দেন। নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি জানান, সুন্দরবনে লাগা আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত কাজ চালিয়ে যেতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদসচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- সুন্দরবনের আগুন শতভাগ নিভে যায় নাই, তবে নিয়ন্ত্রণে আছে। বনের আগুন স্বাভাবিক আগুন না। আগুন নিভে গেলেই সাথে সাথে ঘোষণা করা যায় না যে আগুন নিভে গেছে। যেকোনও লতাপাতায় সুপ্ত থাকে। আগুন আবার জ্বলে ওঠে। তাই খুব ক্লোজ মনিটরিং হচ্ছে আগামী ৭ দিন এমন পর্যবেক্ষণে থাকবে। তারপর পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফায়ার সার্ভিস সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
মাহবুব হোসেন বলেন, গভীর জঙ্গলে রাতে কাজ করা যায়নি। দিনে কাজ করতে হয়েছে। ঝুঁকিও ছিল। সবগুলো মিলিয়ে বড় একটি চ্যালেঞ্জিং টাস্ক তারা কমপ্লিট করেছেন, এজন্য তারা (ফায়ার সার্ভিস) ধন্যবাদ পাওয়ার যোগ্য।
গত শনিবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন গহীন বনে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন চার কিলোমিটারের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। তবে আগুন পুরোপুরি নিভতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ওটিটির শীর্ষ পারিশ্রমিক পাওয়া তারকা অজয়
ডিপিএলে দ্যুতি ছড়ালেন যারা