বরিশালে টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল নগরবাসী। এতে তাপমাত্রা এখন সহনীয় পর্যায়ে নেমে এসেছে। সোমবার (৬ মে) বিকেল থেকেই দমকা হাওয়া বইতে শুরু করে পরে বিকেল ৪টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। যা পরে আরও তীব্র আকার ধারণ করে ঝুম বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়।
এদিকে ঝুম বৃষ্টি শুরু হওয়ার পর নগরবাসীদের মধ্যে প্রশান্তিও দেখা দিয়েছে। অনেক মানুষ রাস্তায় নেমে বৃষ্টির মধ্যে ভিজে আনন্দ উল্লাস করেছেন। এ ছাড়াও অনেকে নিজ নিজ বাড়ির ছাদে, উঠানে বৃষ্টিতে ভিজেছেন।
নগরীর বাসিন্দা গোবিন্দ হালদার বলেন, ‘টানা দাবদাহের পরে বৃষ্টি সাথে নিজেকে মিলিয়ে নিয়েছি। প্রচণ্ড গরমে এত দিন অতিষ্ঠ জীবন পার করছিলাম। আজ একটু স্বস্তি পাচ্ছি।’
হাতেম আলী কলেজের শিক্ষার্থী এমি বলেন, ‘বৃষ্টি মধ্যে ঘুরতে বের হয়ে বেশ ভালো লেগেছে। এত দিন কোথাও ঘুরতে গিয়েও শান্তি পাচ্ছিলাম না। এখন বেশ আনন্দে আছি।’
বরিশাল সদর উপজেলার বাসিন্দা ও কৃষক মো. জাফর উদ্দিন বলেন, ‘প্রচণ্ড রোদ আর গরমের কারণে খেত-খামারে কাজ করতে পারছিলাম না। এ বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ।’
আবহাওয়া অফিস পর্যবেক্ষক মো. রুবেল হোসেন বলেন, ‘সোমবার বিকেল ৪টার দিকে বৃষ্টি শুরু হয়ে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত বৃষ্টিপাত হয়। এতে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সন্ধ্যার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বরিশালে শেষ বৃষ্টি হয়েছিলো গত মাসের ১৭ এপ্রিল। টানা ১৮ দিন পরে বরিশালাবাসী আবার বৃষ্টি পাত পেলে। ফলে বর্তমানে তাপমাত্রা সহনীয় পার্যায়ে নেমে এসেছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী আরো কয়েক দিন এমন বৃষ্টিপাত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।’
৮ মে ১৪১ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা
২০ মিনিটের শিলাবৃষ্টিতে মাথায় হাত