পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে তেঁতুলিয়া উপজেলার ক্ষয়ঘট পাড়া সীমান্তে ঘটনাটি ঘটে।
নিহতেরা হলেন তেঁতুলিয়া উপজেলার মাগুড়া এলাকার জুনু মিয়ার ছেলে আব্দুল জলিল (২৪) ও তিরনইহাট ব্রম্মতল এলাকার কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।
স্থানীয়রা জানায়, ভোরে কয়েকজন যুবক ভারতীয় ওই সীমান্তের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের গুলি করে। পরে মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার জানান, ঘটনাটি শুনেছি। প্রাথমিক ধারণা করা হচ্ছে ওই দুই যুবক গরু চোরাচালানের সাথে যুক্ত ছিল। তারা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিল। বিষয়টি বিজিবির তাই বিশেষ কিছু বলতে পারছি না।
এদিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান দুই যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হলে লাশ ফেরত আনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এজন্য বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।
