আত্মবিশ্বাসী রিয়ালকে টেক্কা দিতে প্রস্তুত বায়ার্ন

আপডেট : ০৮ মে ২০২৪, ০৫:৩০ পিএম

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ মুখোমুখি হওয়া মানেই প্রতিযোগিতাটির ইতিহাসে আরও একটি ক্লাসিক ইউরোপিয়ান দ্বৈরথের উপলক্ষ। প্রথম লেগে বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেই উত্তাপ একবার উপভোগ করা হয়ে গেছে ফুটবলপ্রেমীদের। এবার ফিরতি লেগের পালা। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রস্তুত মঞ্চ। প্রথম লেগে ২-২ গোলের ড্র সেই উত্তেজনায় ঘি ঢেলে দিয়েছে আরও। ১১ বছরের অপেক্ষা ফুরিয়ে পিএসজিকে ঘরের মাঠে হারিয়ে প্রথম ফাইনালিস্ট হিসেবে ওয়েম্বলির পথ নিশ্চিত করেছে বরুশিয়া ডর্টমুন্ড।

প্রথম লেগে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন সেরা রূপে। তার রুদ্র রূপ নৈপুণ্য ঘরের মাঠে জয় বঞ্চিত করে রাখে বাভারিয়ানদের। চ্যাম্পিয়নস লিগে ভিনিসিয়ুস ও রিয়ালের মাঠের খেলা দেখে ম্যাচ শেষে বায়ার্ন কোচ টমাস টুখেল হয়েছিলেন ‘বিস্মিত’। রিয়াল দুটি সুযোগ পেয়ে দুটোতেই জালের ঠিকানা খুঁজে নিতে পারায় টুখেলকে হতে হয়েছিল হতাশ। ফিরতি লেগের আগে বলেছেন, ‘অবস্থা একদম পরিষ্কার। মাদ্রিদে একটি জয় খুলে দেবে ওয়েম্বলির রাস্তা।’

কোচের মনের অবস্থা বেশ বুঝতে পেরেছেন বায়ার্ন ফরোয়ার্ড টমাস মুলার। নিজেদের আঙিনায় না পারলেও রিয়ালের ডেরায় এসে জিততে মুখিয়ে আছেন তিনি। বার্নাব্যুতে নিজের ষষ্ঠ ম্যাচ খেলতে নামার আগে বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের বহু রূপ। তারা ঘর আগলে রাখতে পারে এবং যেহেতু তারা জানে প্রতি-আক্রমণে তাদের দুর্দান্ত খেলোয়াড় আছে, তারা ডিফেন্ড করতেও অস্বচ্ছন্দ নয়। তাদের এই কৌশল কিছু উপলক্ষে পুরোপুরি কাজেও লেগেছে। লড়াইটা হবে সমানে সমান, যেখানে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। ফুটবলে কার্যকারিতাই মুখ্য।’ 

বায়ার্ন মুখে যতই লড়াইয়ের কথা বলুক না কেন, নির্ভার রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়ে অবশেষে মাঠে ফিরেছেন গোলবারের সেনানী থিবো কোর্তোয়া। কাদিজের বিপক্ষে তার ফেরার দিনে রিয়াল ঘরে তুলেছে ৩৬তম লা লিগা শিরোপা। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে সফলতম দলটি তাই ওয়েম্বলির ফাইনালে যেতে আরও বেশি চাঙা। আনচেলত্তি অবশ্য কোর্তোয়ার ওপরে চাপ বাড়াবেন না। তার আস্থা আন্দ্রে লুনিনেই। বার্নাব্যুতে রিয়ালের বারের সামনে লুনিনকেই দেখা যাবে। 

দ্বিতীয় লেগ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমার সব সময় অনেক বেশি আত্মবিশ্বাস কাজ করে। কেননা আমরা রিয়াল মাদ্রিদ। সেরা দলটি আমার রয়েছে। পুরো মৌসুমে এই দলটা দারুণ করেছে। রিয়াল ও বায়ার্ন অনেকটা একই রকম। বায়ার্নকে আমি শ্রদ্ধা করি। প্রথম লেগে তারা আমাদের চেয়ে ভালো ছিল। এবার আমাদের সেরাটা দিতে হবে। কারণ আমাদের সামনে আরও একটি ফাইনাল খেলার সুযোগ রয়েছে।’

জুনের ২ তারিখ ওয়েম্বলির ফাইনালে যেতে এ ম্যাচে কেউ যে ছেড়ে কথা বলবেন না, তা সহজেই অনুমেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত