পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। গৃহবন্দি বুশরা বিবির পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (০৮ মে) এ আদেশ দেওয়া হয়েছে। তার আইনজীবী নাঈম পানজুথা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত জানুয়ারিতে রাষ্ট্রীয় উপহারসামগ্রী অবৈধভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগে ইমরান-বুশরা দম্পতির ১৪ বছর করে কারাদণ্ড হয়। ৭০ বছর বয়সী ইমরান খান আদিয়ালা কারাগারে থাকলেও বুশরা বিবিকে ইসলামাবাদের বানিগালা বাসভবনে গৃহবন্দি রাখা হয়েছিল। কারাগারে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলে তাকে বাড়িতেই বন্দি রাখার আদেশ দিয়েছিল দেশটির সরকার।
তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ৩১ জানুয়ারি গৃহবন্দি হন বুশরা বিবি। জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদ হাইকোর্ট বানিগালার বাসভবনকে সাব-জেল ঘোষণা করে দেওয়া প্রজ্ঞাপন বাতিল করেছে।
এর আগে গৃহবন্দি অবস্থায় কর্তৃপক্ষ বিষ মেশানো খাবার দিচ্ছিল বলে অভিযোগ করেছিলেন বুশরা বিবি। তবে কর্তৃপক্ষ সে অভিযোগ অস্বীকার করে। আদিয়ালা কারাগারে স্থানান্তর চেয়ে করা আবেদনে বুশরা বিবি বলেন, দলের অন্য কর্মীদের মতো তিনিও আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে ইচ্ছুক।
আদিয়ালা কারাগারে সাজা ভোগ করতে চান বুশরা বিবি
যুক্তরাষ্ট্রে ‘মেড ইন মেক্সিকো’ হয়ে ঢুকছে চীনের পণ্য, পরিণতি কী