আইপিএলে বুধবার রাতে লখনৌ সুপার জায়ান্টসের তোলা ৪ উইকেটে ১৬৫ রানের জবাবে সানরাইজার্স হায়দরাবাদ ১০ উইকেটে ম্যাচ জেতে ৯.৪ ওভারেই।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ ওভারের মধ্যে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটি। রান তাড়ার পথে আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছে হায়দরাবাদ।
লখনৌর বিপক্ষে হায়দরাবাদের দুই ওপেনার মিলে ছক্কা মেরেছেন ১৪টি। ২৮ বলে ৭৫ রানের ইনিংসের পথে অভিষেক শর্মার ছক্কা ৬টি। ৩০ বলে ৮৯ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেডের ছক্কা ৮টি।
এই মৌসুমে হায়দরাবাদের ছক্কার সংখ্যা ১৪৬ টি। যা আইপিএলে এক মৌসুমে কোন দলের সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংসের। ২০১৮ সালে চেন্নাই ছক্কা মেরেছিল ১৪৫টি।
যেহেতু হায়দরাবাদের এখনো ম্যাচ বাকি, সংখ্যা যে আরও বাড়বে তা বলাই যায়।
হায়দরাবাদের হয়ে হেড, অভিষেক আর হেনরিখ ক্লাসেন এই তিনজন মিলেই মেরেছেন ৯৭টি ছক্কা। এই তিনজনের মধ্যে সর্বোচ্চ ৩৫টি ছক্কা অভিষেকের। যা এবারের আইপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও।
চলতি আইপিএলে ১০০০ ছয়ের রেকর্ডও হয়েছে একই ম্যাচে। ১ হাজার ছয়ের রেকর্ড আগের ১৬ বছরে মাত্র দু’বার ঘটেছিল। এবার ১৩,০৭৯ বলে ১০০০ ছক্কা হয়েছে। আইপিএলের ইতিহাসে যা দ্রুততম ১ হাজার ছক্কার রেকর্ড।
এর আগে ২০২৩ সালে ১১২৪টি ছক্কা হয়েছিল। তার মধ্যে ১০০০টি ছক্কা মারতে লেগেছিল ১৫,৩৯০ বল। ২০২২ সালে ১০৬২টি ছক্কা মেরেছিলেন সেই বছ আইপিএলে খেলা ব্যাটাররা। সেবার ১৬,২৬৯ বল লেগেছিল ১০০০টি ছক্কা মারতে।
