নয়াদিল্লিকে ‘নোংরা’ বললেন ডেনিশ রাষ্ট্রদূত!

আপডেট : ০৯ মে ২০২৪, ০৫:০৩ পিএম

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ডেনমার্কের দূতাবাসের পাশে পড়ে ছিল আবর্জনার স্তূপ। এ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ফ্রেডি সোয়ানে। প্রশাসনের কাছে তার আবেদন, আবর্জনার স্তূপ সরিয়ে নেওয়া হোক।

এ সময় মহান, সবুজ ও  নোংরা— এই তিন শব্দে নয়াদিল্লিকে বিঁধেছেন রাষ্ট্রদূত ফ্রেডি। গতকাল বুধবার দূতাবাসের পাশের রাস্তায় পড়ে থাকা আবর্জনার ভিডিও করেন তিনি। পথে পড়ে থাকা আবর্জনা দেখিয়ে বলেন, ‘সবুজ, সুন্দর, আবর্জনায় ভরা শহর নয়াদিল্লিতে আপনাদের স্বাগত।’ 

ফ্রেডি আরও বলেন, ‘এটা ডেনমার্কের দূতাবাস। রাস্তার উল্টো দিকে গ্রিসের দূতাবাস রয়েছে। এই রাস্তাটা ভালোমতো পরিষ্কার রাখা উচিত। কিন্তু আবর্জনায় ভর্তি। লোকজন এসে আবর্জনা ফেলে, যা খুশি তা-ই করে। এখন আর মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না। এবার ঠিকঠাক কাজে নামা প্রয়োজন।’

ভিডিওটি শেয়ার করে দিল্লির মুখ্যমন্ত্রীর দপ্তরকে ট্যাগ করেন ফ্রেডি। তার এই ভর্ৎসনার পরেই নড়েচড়ে বসে দিল্লি প্রশাসন। দূতাবাস লাগোয়া এলাকা তড়িঘড়ি পরিষ্কার করা হয়। সেই সঙ্গে একটি বিবৃতি জারি করে দিল্লির মিউনিসিপাল কাউন্সিল জানিয়েছে, পরিষেবার উন্নতির জন্য সকলের পরামর্শকে স্বাগত জানানো হবে।

আবর্জনা পরিষ্কারের পর রাষ্ট্রদূত ফ্রেডি বলেন, ধন্যবাদ। আমি খুবই গর্বিত দিল্লির মিউনিসিপাল কাউন্সিল দ্রুত ব্যবস্থা নিয়েছে। আমি এখানে ১১ বছর ধরে থাকি। আমরা ভারতকে ভালোবাসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত