৯ মে’র দাঙ্গা নিয়ে ইমরান খান

আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, আমি কেন চাইব

আপডেট : ০৯ মে ২০২৪, ০৬:১৭ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান গত বছরের ৯ মে’র দাঙ্গার জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন। বরং এমন ঘটনার জন্য তার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। গতকাল বুধবার আদিয়ালা কারাগারে দুর্নীতি মামলার আইনি প্রক্রিয়া শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইমরান খান জানান, গত বছরের ৯ মে-র উত্তাল পরিস্থিতিতে তিনি আটক ছিলেন এবং ওই প্রতিবাদের বিষয়ে কিছুই জানতেন না। বিষয়টি তিনি তখনই জানতে পারেন যখন তাকে পাকিস্তানের তখনকার বিচারপতি উমর আতা বান্দিয়ালের সামনে আদালতে হাজির করা হয়। 

গত মঙ্গলবার পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরিফ রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ৯ মে-র ঘটনায় পিটিআই নেতারা প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না। 

আইএসপিআরের মুখপাত্র জানান, সামরিক স্থাপনায় হামলার ঘটনায় অভিযুক্ত এবং অপরাধীদের সংবিধান ও আইন অনুসারে শাস্তি দিতে হবে।

৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানের বেশ কিছু শহরে সহিংস প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতা সামরিক বাহিনীর বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালানো শুরু হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, তার দল তার ২৭ বছরের ইতিহাসে কখনো সহিংসতার আশ্রয় নেয়নি। এরপরেও ৯ মে’র ঘটনায় তিনি নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে ৯ মে’র সহিংসতার তদন্তের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এখানে সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে গেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত