ফেসবুকে মন্তব্য, শিক্ষার্থীদের ডাকল তিতুমীর কলেজ প্রশাসন

আপডেট : ০৯ মে ২০২৪, ০৯:৪১ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি তিতুমীর কলেজের বেশ কিছু শিক্ষার্থীকে ডেকে পাঠিয়েছে তিতুমীর কলেজ প্রশাসন। আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুরের দিকে নিজ অফিস কক্ষে ডেকে ফেসবুকে মন্তব্যের নেতিবাচক দিক তুলে ধরে কলেজ প্রশাসন।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের মধ্যে সরকারি তিতুমীর কলেজ অতিরিক্ত ভর্তি ফি আদায়, ক্যাম্পাসের অপরিচ্ছন্ন শৌচাগারসহ নানা বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সেসব সংবাদ সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার মন্তব্য বক্সে শিক্ষার্থীরা অধ্যক্ষের বক্তব্যের প্রতিবাদ জানান। এর প্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ বিভাগীয় প্রধানদের মাধ্যমে সমালোচোনাকারী শিক্ষার্থীদের ডাকেন।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, ভর্তিতে বাড়তি টাকা আদায়, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বেশ কিছু বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন হয়। যেখানে অধ্যক্ষের বক্তব্য গ্রহণযোগ্য বলে মনে হয়নি। যার জন্য আমরা একেকজন একেক ধরনের মন্তব্য করি। তাই কলেজ প্রশাসন আমাদের আজ ডেকে পাঠিয়েছে।

ডেকে নিয়ে কি বলেছেন? জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, প্রত্যেককে আলাদাভাবে ডেকেছে। কেন এমন মন্তব্য করলাম, কোন বিষয়ে সমস্যা মনে হলে সরাসরি শিক্ষকদের জানালেই পারি। কিন্তু তা না করে ফেসবুকে এ ধরনের মন্তব্য কেন করলাম। পাশাপাশি নেতিবাচক দিক তুলে ধরেছেন, সুন্দর করে আমাদের বুঝিয়েছেন।

তবে বেশ কিছু শিক্ষার্থীর অভিযোগ, তলব করে রুমে আলাদা আলাদা ডেকে বুঝানো এক ধরনের বাকস্বাধীনতা হরণ। অনিয়মের বিষয়ে ফেসবুকে মন্তব্য করাটাও আজ কাল হয়ে দাঁড়াল।

শিক্ষার্থীদের কেন ডেকে পাঠালেন জানতে চাইলে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত