পঞ্চগড়ে শুরু হয়েছে শিশু কিশোরদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে জেলা পরিষদ হল রুমে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পঞ্চগড় চারু সংসদ।
প্রদর্শনী উদ্বোধন শেষে শিশু-কিশোরদের আঁকা সব চিত্র কিনে নেওয়ার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য। তিনি বলেন, আয়োজকরা প্রদর্শিত শিশু-কিশোরদের আঁকা প্রত্যেক ছবির মূল্য এক হাজার টাকা নির্ধারণ করেছেন। আমি সব ছবি কেনার জন্য এক লাখ টাকা দেব। কেনা ছবিগুলো পরবর্তীতে স্কুল, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শন করা হবে।
এ ছাড়া আয়োজকদের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ এক লাখ টাকা দেবেন বলে ঘোষণা দেন সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা।
আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীতে শিশুদের আঁকা ১০০টি ছবি রয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। আগামী শনিবার প্রদর্শনী শেষ হবে। শিশু-কিশোরদের চিত্রকলায় উৎসাহ দেওয়ার জন্য এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
পঞ্চগড় উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আক্তারুন্নাহার সাকি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ভূমিজ নাট্যদলের সভাপতি সরকার হায়দার, কেয়া টেকনিক্যাল চারুকলা ও শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ রেজওয়ানুল ইসলাম শুভ, অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক হাসনুর রশিদ বাবু, আয়োজক সংগঠন চারু সংসদের আহ্বায়ক শহিদুল ইসলাম, চিত্র শিল্পী নুরুজ্জামান কায়সার এবং চিত্র শিল্পীদের অভিভাবক বৃন্দ।
