পাবনা গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাদের হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার পাবনা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম বাদী হয়ে মামলা করেন। রাতেই পুলিশ অভিযুক্ত ঠিকাদার তুষার ও আকাশকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ মে দুপুরে পাবনা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিমের কক্ষে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী রায়হান রাকিব, মেহেদী হাসান, মো. ইমরান সরকারী দাপ্তরিক কাজ করছিলেন। বেলা ১টার দিকে গণপূর্ত বিভাগের ঠিকাদার রাজিবুল হাসান রাজিব (৩৫), রোকনুজ্জামান তুষার (৪৪), আকাশ (৪৩), রনা বিশ্বাসের নেতৃত্বে ১৪/১৫ জনের একটি দল ওই কক্ষে এসে অনৈতিকভাবে নিয়মবহিভূর্ত প্রক্রিয়ায় ঠিকাদারী কাজ দাবি করে। এ সময় নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান তাতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য গালিগালাজে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে। এ সময় সহকারী প্রকৌশলীরা তাদের থামাতে চেষ্টা করলে তারা মারতে উদ্যত হয়। পরে অফিস থেকে বের হলে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। পুরো ঘটনা অফিসের সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে।
পাবনা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। সিসি ক্যামেরায় ফুটেজে ঘটনার প্রমাণ রয়েছে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।
এদিকে, শুক্রবার রাতে মামলা নথিভুক্ত হওয়ার পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। রাতেই ঠিকাদার রোকনুজ্জামান তুষার ও আকাশকে গ্রেপ্তার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, সরকারী কাজে বাধা ও কর্মকর্তাদের হত্যার হুমকি মামলায় শুক্রবার রাতে ঠিকাদার তুষারকে শহরের নূরপুর থেকে ও আকাশকে কাঁলাচাদপাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের আদালতে হাজির করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
