প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর ছবি চেয়ারম্যান প্রার্থীর লিফলেটে

আপডেট : ১১ মে ২০২৪, ০৭:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাচনের লিফলেটে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বিধি লঙ্ঘন করে চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন লিফলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সজিব ওয়াজেদ জয়েরও ছবি ব্যবহার করেছেন।

নির্বাচনী বিধিতে উল্লেখ আছে, নির্বাচনী প্রচারণার কোনো প্রার্থী নিজ ছবি ও প্রতীক ব্যতীত অন্য কারো নাম, ছবি বা প্রতীক ব্যবহার করিতে পারবেন না। তবে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কোনো রাজনৈতিক দলের মনোনীত হইলে সেই ক্ষেত্রে তিনি কেবল তাহার দলের বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টার ও লিফলেটে ছাপাইতে পারবেন। কিন্তু ওই চেয়ারম্যান প্রার্থী এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

লিফলেটে তিনি লিখেছেন, জাতির জনক বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শ লালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী। কসবা আখাউড়ার উন্নয়নের রূপকার আইনমন্ত্রী আনিসুল হকের একজন একনিষ্ঠ কর্মী। টানা ১০ বছর আখাউড়া উপজেলা যুবলীগের সভাপতি ও পরবর্তীতে ৮ বছর আহ্বায়ক ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী মো. মনির হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই, অতিউৎসাহী কিছু ছেলেরা হয়তো এটা করে থাকতে পারে। আমি আপনার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমি খেয়াল রাখবো এমন যাতে আর না হয়।

উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, বিষটি আমাদের নজরে এসেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত