পঞ্চগড়ে বাংলাদেশি হত্যার প্রতিবাদ মিছিলে পুলিশ-বিজিবির বাধা

আপডেট : ১১ মে ২০২৪, ০৯:২৭ পিএম

পঞ্চগড় সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে খয়খাটপাড়া সীমান্ত অভিমুখে জাতীয় গণতান্ত্রিক পার্টির গণমিছিল আইনশৃঙ্খলা বাহিনীর বাধায় পণ্ড হয়েছে। আজ শনিবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট থেকে মিছিল শুরু করে খয়খাটপাড়া সীমান্ত অভিমুখে যাত্রা শুরুর পরই পুলিশ ও বিজিবি এতে বাধা দেয়। এরপর তারা সেখান থেকে ফিরে আসেন।

এর আগে দুপুরের পর পঞ্চগড় জেলা শহরের বকুলতলার জেলা জাগপা কার্যালয়ের সামনে থেকে কয়েকটি পিকআপ নিয়ে গণমিছিল তেঁতুলিয়ার তিরনইহাট বাজারে পৌঁছে। সেখানে গত ৭ মে খয়খাটপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে দুইজন বাংলাদেশি নাগরিককে হত্যার প্রতিবাদে এক সমাবেশে জাগপা’র সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে গুলিবিদ্ধ লাশগুলো প্রমাণ করে ভারত বাংলাদেশের স্বাধীনতা ও ভূ-খণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত হত্যা কেন হয়? কার নির্দেশে স্বাধীন বাংলাদেশের ওপর ভারতীয় বিএসএফ গুলি চালায়? কেন বাংলাদেশ সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ জানাতে পারে না? কথাবার্তা পরিষ্কার আমরা হিল্লি-দিল্লি বুঝি না। অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দিতে হবে। তারপর ভেবে দেখব বাংলাদেশের জনগণ ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় কিনা।

এ সময় পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি মফিদুল ইসলাম মফি, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, পঞ্চগড় সদর উপজেলা জাগপার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুব জাগপা নেতা  কামরুজ্জামান কুয়েতসহ জাগপা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত