এসএসসিতে ফেল হওয়া পরীক্ষার্থীদের মা-বাবার উদ্দেশে যা বললেন প্রধানমন্ত্রী

আপডেট : ১২ মে ২০২৪, ০৩:৩৮ পিএম

এসএসসি ফেল হওয়া পরীক্ষার্থীদের মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদেরও কিছু পরামর্শ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (১২ মে) সকালে গণভবনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

এসএসসি পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা পাস করেছে তাদের ও তাদের অভিভাবক, শিক্ষক সবাইকে আমার অভিনন্দন। যারা অকৃতকার্য হয়েছে, ফেল করেছে তাদের বলবো—মন খারাপ যাতে না করে। এবার হয়তো কোনও কারণে তারা পারেনি। তবে এজন্য বাবা-মা যেন তাদের গালাগাল না করেন। তাদের মন এমনিতেই তো খারাপ। কেন সে পারলো না সেটা খুঁজে বের করে পড়াশোনায় মনোযোগী করতে হবে।

তিনি বলেন, বারবার পড় পড় বললে আগ্রহটা হারিয়ে যায়। ডিজিটাল যুগের ছেলে মেয়েদের মেধা এমনিতেই বেশি। তাদের মেধা বিকাশের সুযোগটা দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত