উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা 

আপডেট : ১৩ মে ২০২৪, ০৩:২০ পিএম

কক্সবাজারের উখিয়ায় ‘ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে’ প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ ইলিয়াছ (৪৩) নামের এর রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। সোমবার ভোরে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৪-এক্সটেনশন নম্বরের সি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মাঝি একই ব্লকের আবুল কাশেমের ছেলে। 

এপিবিএন পুলিশসহ স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, রোববার রাতে মোহাম্মদ ইলিয়াছ নিজের ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে ১০/১৫ জন মুখোশ পরিহিত অজ্ঞাত দুর্বৃত্ত ঘরের দরজা ভেঙ্গে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ইলিয়াছের মৃত্যু হয়। 

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য এ খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তবে কারা, কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা এখনো নিশ্চিত নয়।’ ঘটনার কারণ জানার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান শামীম হোসেন।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত