পাওনা টাকা চাওয়ায় বাড়ি ভাঙচুর, আহত ৪

আপডেট : ১৩ মে ২০২৪, ০৯:২১ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে পাওনা টাকা চাওয়ায় বসতঘর ভাঙচুর করে ৪ জনকে আহত করার অভিযোগ উঠেছে মাসুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সোমবার (১৩ মে) পৌর সদরের কেন্দ্রা গ্রামে এ ভাঙচুরের ঘটনা ঘটে। 

আহতরা হলেন, মৃত দীন মোহাম্মদের ছেলে সাহাব উদ্দিন (৩০), কামাল হোসেন (৪০), স্ত্রী ফিরোজা বেগম (৭০) ও ছেলের বৌ আসমা বেগম(৩৫)। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাহাবউদ্দিন এলাকায় দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে আসছেন। সেই সুবাদে একই বাড়ির মোস্তফার ছেলে মাসুদকে ৪ বছর আগে পাশের ফতেপুর গ্রামের জাফরের করাত কল থেকে ৫৫ হাজার টাকার গাছ ক্রয় করে দেন। মাসুদ করাত কলের মালিক জাফরকে ৫০ হাজার টাকা দেন। আর বাকি ৫ হাজার টাকা পরে দেবেন বলেন জানান। কিন্তু চার বছর ধরে সেই টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা করছেন মাসুদ। সোমবার দুপুরের ওই টাকা খোঁজার জন্য মাসুদের কাছে যায় সাহাব উদ্দিন। এ টাকা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুদ ক্ষিপ্ত হয়ে মাহমুদা, মুর্শিদা ও ভাই হোসেনকে সঙ্গে নিয়ে সাহাব উদ্দিনের বসতঘর ভাঙচুর করাসহ তার ভাই কামাল হোসেন, মা ফিরোজা বেগম ও ভাবি আসমা বেগমকে পিটিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ বিষয়ে আহত ফিরোজা বেগম বলেন, আমরা গরিব মানুষ। ছেলেরা এক দিন কাজ না করলে ঘরে রান্না হয় না। করাতকলের মালিক টাকা পাবে ছেলেকে প্রতিদিন টাকার জন্য জ্বালাতন করে। সেই টাকা খোঁজতে গেলে আমাদের ঘর ভাঙচুর করে তারা। এ ঘটনার বিচারের দাবি জানান তিনি। 

অভিযুক্ত মাসুদের মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি কোনো সাড়া দেননি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত