দল নিয়ে দ্বিমত থাকলে যে কারো পরামর্শ গ্রহণ করবেন নির্বাচকরা

আপডেট : ১৪ মে ২০২৪, ০৫:০২ পিএম

কোনো ধরণের চমক ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। শেষ মুহূর্তে সাইফউদ্দিনের না থাকাটাই যা ছিল বিস্ময়ের। দল ঘোষণার পর উঠে এসেছে নানা প্রশ্ন। যদিও এসব নতুন কিছু নয়, দল নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ বরাবরই ছিল। গণমাধ্যমও সেই আলোচনায় গা ভাসায়। এবারও হয়তো এমন কিছু হবে অনুমান করেছিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সংবাদ সম্মেলনে তাসকিনের চোট, তাকে সহ-অধিনায়ক করা নিয়ে কথা হয়েছে। আলোচনা হয়েছে জিম্বাবুয়ে সিরিজে না খেলানো আফিফ হোসেনকে বিশ্বকাপের ট্রাভেলিং রিজার্ভ রাখা নিয়েও। হচ্ছিল যেন গুরু-গম্ভীর আলোচনা। যখন শেষ করে নির্বাচকরা উঠে যাচ্ছিলেন, তখনই আবার বসে একটা অনুরোধ জানান লিপু। বলেন, দল নিয়ে কোনো মতামত গণমাধ্যমকর্মীদের থাকলে সেটা বিনা দ্বিধায় জানাতে। সব মতামত গ্রহণ করবেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষপর্যায়ে এসে লিপু বলেন, ‘একটা অনুরোধ সবার কাছে। যেকোনো দল নির্বাচনের পরই আলোচনায় হয়, এই খেলোয়াড়টা কেন দলে? এমন প্রশ্ন হয়। সবাই না করলেও, অনেকেই করেন। প্রশ্ন উঠতেই পারে। তার বিকল্প কে সেই ব্যাখ্যাটাও যদি আমাদের কেউ দেন আমরা তা গ্রহণ করব। আবার ঐ খেলোয়াড়টা নাই কেন এমন প্রশ্নও হয়। সেই ক্রিকেটারকে ১৫ জনের মধ্যে কার বদলী হিসেবে নেওয়া যেত, সেটাও যদি বলে আমরা সেই মতামত সাদরে গ্রহণ করব।’

বিশ্বকাপে যাওয়ার আগে ক্রিকেটাররা ঘরের মাঠে খেলেছেন জিম্বাবুয়ে সিরিজ। এই সিরিজে যারা খেলেছেন তাদেরকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে ট্রাভেলিং রিজার্ভে রাখা আফিফ হোসেনকে নিয়ে প্রশ্ন উঠছে। কারণ তাকে জিম্বাবুয়ে সিরিজের দলে রাখা হলেও খেলানো হয়নি।

এর কারণ জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যে দুজনকে নেওয়া হবে সেটা আমরা জানতাম না। এই নির্দেশনাটা আমাদের কাছে পরে এসেছে। আরও আগে জানতে তাকে হয়তো খেলাতাম। কারণ আমাদের পরিকল্পনায় ছিল, যারা বিশ্বকাপে যাবে তাদেরকেই খেলানো।’

পারভেজ হোসেন ইমনকেও নেওয়া হয়েছিল দলে। না খেলালেও তিনি নির্বাচকদের ভাবনায় আছেন। কারণ তিনি ভবিষ্যতের তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত