প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য সিনেমার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন। প্রস্তুত নন বলে নিজেকে থিতু করেছিলেন নাটকে। এরপর গেল বছরের ঈদুল আজহায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। সিনেমায় আসার আগে প্রায় দেড় বছর নাটক থেকে দূরে ছিলেন। সময় নিয়েই আসেন সিনেমায়। জানান, নিয়মিত হবেন বড় পর্দায়। সেদিক থেকে প্রথম সিনেমা আলোচিত হলেও অনেকটা সময় পেরিয়ে যায় তার নতুন কোনো সিনেমার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেকেই বলছিলেন, নিশো হারিয়ে গেছেন!
এমনটা মনে হওয়ার অনেক কারণও অবশ্য ছিল। প্রথম সিনেমা মুক্তির সময় নানা সমালোচনার মুখে পড়েছিলেন নিশো। এরপর অনেকটাই নিখোঁজ হয়ে যান তিনি! কোনো কাজেই তাকে পাওয়া যাচ্ছিল না। সেদিক থেকে অনেকেরই ধারণা, এক সিনেমা করেই হাওয়া নিশো! এর পরপরই সে সময় গুঞ্জন ওঠে যে ‘সুড়ঙ্গ’ পরিচালকের পরপর আরও দুটি ছবিতে দেখা যাবে তাকে। কিন্তু বছর পেরিয়ে গেলেও আসেনি ঘোষণা, তৈরি হয়নি সিনেমা। এরপর আবরার আতাহারের পরিচালনায় ফিরবেন নিশো, এমন খবরেও সয়লাব হয় কিন্তু তারও আর কোনো আপডেট পাওয়া যায়নি।
স্বভাবতই ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সবার মনে প্রশ্ন ওঠে, কোথায় নিশো, কী করছেন? দীর্ঘ সময় পেরিয়ে সিনেমার খবর না আসায় ভক্তরাও হতাশ হতে শুরু করেন। তবে নিশো জানিয়েছিলেন, তিনি ফিরবেন সময় নিয়েই।
ভক্তরা যখন হতাশ তাদের শান্ত করতেই প্রায় এক বছর পর নতুন সিনেমার ঘোষণা দেন নিশো। তাও আবার একসঙ্গে দুটো। যেগুলো নির্মিত হবে আলফা আই ও ভারতের এসভিএফ-এর যৌথ প্রযোজনায়। ঘোষণা এলেও সিনেমা দুটি কে নির্মাণ করবেন কিংবা এতে কারা থাকছেন, সে বিষয়ে কোনো তথ্যই জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, সিনেমা দুটি নির্মাণ করবেন রায়হান রাফি ও ভিকি জাহেদ। এরমধ্যে রাফির সিনেমাটির নাম ‘অসিয়ত’, যেটির শুটিং শুরু হবে আগামী জুলাইতে এবং মুক্তি পাবে আগামী বছরে ঈদুল ফিতরে। অন্যদিকে ভিকির সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। এর আগে আফরান নিশো জানিয়েছিলেন, ‘আগে দু-তিনটি ভালো সিনেমার কাজ টানা করব। তারপর সিনেমার পাশাপাশি ভালো গল্পের ওটিটির কাজ করার ইচ্ছা। এখন আপাতত আমার সব প্রস্তুতি সিনেমাকে ঘিরে।’ তার ভাষ্য, ‘ক্যামেরার সামনে না থাকলেও আমি আসলে বসে থাকি না। নানা ধরনের গল্পের ভাবনা নিয়ে কাজ করছি। কোনো কিছু পেলে সেটা নিয়েই ব্যস্ত রাখি নিজেকে।’ সান্ত্বনার ঘোষণা দিলেও এদিকে এই মুহূর্তে নিশো প্রস্তুতি নিচ্ছেন অন্য প্রজেক্টের। তার হাতে রয়েছে একাধিক ওয়েবের কাজ। চলতি মাসেই শুটিংয়ে অংশ নেবেন এগুলোতে। তাই এ বছরে তাকে বড় পর্দায় দেখা যাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ! দুই সিনেমার শুটিং চলতি বছরে হলেও সেগুলো এ বছর মুক্তির সম্ভাবনা নেই। তাই স্বভাবতই এ বছরেও তাকে বড় পর্দায় পাচ্ছেন না তার ভক্ত কিংবা দর্শকরা। তবে ওটিটিতে দেখতে পাবেন।
