বদলি চেয়ে পাবনা পাউবোর ৩৭ কর্মকর্তা-কর্মচারীর আবেদন

আপডেট : ১৫ মে ২০২৪, ১০:৫০ পিএম

কর্মকর্তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে পাবনার বেড়া পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত ৩৭ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি চেয়ে আবেদন করেছেন। কর্মকর্তাদের দ্বন্দ্বের জেরে মুখোমুখি অবস্থানের দাপ্তরিক কাজে সৃষ্টি হয়েছে স্থবিরতা। বিষয়টির প্রতিকার চেয়ে অফিস ফাঁকা রেখেই নির্বাহী প্রকৌশলীসহ ৯ জন কর্মকর্তা দুদিন ধরে অবস্থান করছেন ঢাকায়।

বেড়া পাউবো সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড বেড়া, পওর বিভাগের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযুক্ত কর্মকর্তারা পাউবোর কর্মকর্তা কর্মচারী থাকা অবস্থায় নামে বেনামে ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তুলে পাউবোর বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ন্ত্রণ ও লুটপাট শুরু করেন। নিয়মিত বদলির চাকরি হলেও এসব কর্মকর্তারা দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে অবস্থান করে প্রকাশ্যে অনিয়ম করে আসছিলেন। অভিযোগের প্রেক্ষিতে সত্যতা পেয়ে গত ৫ ফেব্রুয়ারি পাবনা ১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বেড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী এমদাদ আহমেদ, এমরান হোসেন, গাড়িচালক আব্দুর রহমান ও সহকারী রাজস্ব কর্মকর্তা আলমকে কর্মস্থল থেকে বদলির লিখিত সুপারিশ করে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে পত্র পাঠান। 

সুপারিশপত্রের প্রেক্ষিতে সত্যতা পেয়ে ফেব্রুয়ারি মাসেই কয়েক দফায় সিন্ডিকেট ব্যবসায় জড়িত কমকর্তা কর্মচারীদের বিভিন্ন জেলায় বদলি করে পানি উন্নয়ন বোর্ড। বদলির পর কর্মকর্তাদের মধ্যে শুরু হয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বদলি হওয়া কর্মকর্তারা নতুন পদায়ন হওয়া কর্মকর্তাদের কাছে তাদের অসমাপ্ত কাজ ও বিলের হিসাব বুঝিয়ে দেওয়া নিয়ে তালবাহানা শুরু করেন। কয়েক দফায় চিঠি দেওয়ার পরও তারা এসব হিসাব বুঝিয়ে না দেওয়ায় দ্বন্দ্ব চরম আকার ধারণ করে।এক পর্যায়ে দ্বন্দ্বের জেরে গত ৯ মে স্বেচ্ছায় বদলি চেয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর আবেদন করেন ৩৭ জন কর্মকর্তা ও কর্মচারী।

এ ব্যাপারে তিন উপ-সহকারী প্রকৌশলী আনিছুর রহমান, আব্দুল খালেক, হাবিবুর রহমান বলেন, স্যারদের অফিসিয়াল কাজ থাকায় তারা ঢাকায় অবস্থান করছেন। আবেদনের বিষয়ে কিছু বলতে পারব না। স্যারের (নির্বাহী প্রকৌশলী) নির্দেশনা ছাড়া এ বিষয়ে কথা বলা নিষেধ।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর প্রধান প্রকৌশলী মুখলেসুর রহমান বলেন, পাবনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৗশলী আমাকে ঢাকায় একটি মিটিংয়ে যাবার কথা জানিয়েছেন। কিন্তু ৯ জন একসাথে ঢাকা যাবার বিষয়ে আমাকে কিছু জানায়নি। আর একযোগে ৩৭ কর্মকর্তা-কর্মচারীর বদলি চাওয়ার আবেদন ডিজি বরাবর দিয়েছে শুনেছি। কিন্তু অফিসিয়ালি কোনো ডকুমেন্ট এখনো পাইনি। তাই সে বিষয়ে কিছু বলতে পারছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত