হঠাৎ প্রকাশ্যে ইমরান খানের ছবি, তদন্তের নির্দেশ

আপডেট : ১৭ মে ২০২৪, ০৭:৪৫ পিএম

তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পরবর্তীতে সাইফার ও অবৈধ বিয়ের মামলাসহ অন্যান্য মামলায়ও দোষী সাব্যস্ত হন। 

সেই থেকে এই বৃহস্পতিবার (১৬ মে) পর্যন্ত তাকে আর দেখা যায়নি। যদিও সমর্থকদের মাধ্যমে ও সামাজিকমাধ্যমে নিজের মতামত বরাবরই জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার হঠাৎ করে ভাইরাল হয় তার একটি ছবি। আদিয়ালা জেলের মধ্যে নীল পোশাক পরে বসে আছেন প্রাক্তন ক্রিকেটার।

ছবিটি প্রকাশ হওয়ার পর তা নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়া তদন্ত শুরু করেছেন আদালত। খবর জিও নিউজের।

পিটিআই প্রতিষ্ঠাতা বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (এনএবি) একটি মামলার শুনানির জন্য আদালতের পাঁচ সদস্যের বেঞ্চের সামনে হাজির হন। এ সময় তার একটি ছবি তোলা হয়। ছবিটি পরে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করা হয়। পিটিআই থেকেও ছবিটি প্রকাশ করা হয়।

পাঁচ সদস্যের বেঞ্চে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা, বিচারপতি আমিনুদ্দিন খান, বিচারপতি জামাল খান মান্দোখাইল, বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি হাসান আজহার রিজভি ছিলেন।

সূত্র জানিয়েছে, ছবি ফাঁসের বিষয়টি তদন্ত করেছে সুপ্রিম কোর্ট। আদালতের বিধি লঙ্ঘন করে ছবি ফাঁস করা হয়েছে। তাই এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে এবং ছবিটি ধারণকারী ব্যক্তিকে সনাক্ত করার জন্য নির্দেশ জারি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত