হালকা বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে রাজধানীবাসী

আপডেট : ১৮ মে ২০২৪, ০৪:৫৫ পিএম

কয়েকদিন ধরে চলা দাবদাহের কারণে হাঁসফাঁস করছিলেন রাজধানীবাসী। জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়িয়ে দিচ্ছিল কয়েকগুণ। ঘরের মধ্যে থেকেও স্বস্তি মিলছিল না নগরবাসীর। তবে শনিবার সকালে হালকা বৃষ্টিতে রাজধানীবাসী প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পেয়ছেন। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সকাল সাড়ে ৮টার দিকে বহুল প্রতীক্ষিত বৃষ্টি শুরু হয়।

এদিন ভোর থেকেই রাজধানী ঢাকার আকাশে ছিল মেঘের আনাগোনা। সকাল আটটার দিকে আকাশ একেবারে মেঘে ঢেকে যায়। সাড়ে আটটার দিকে ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সঙ্গে যোগ হয় প্রাণজুড়ানো শীতল হাওয়া। বাতাস, মেঘ ও হালকা বৃষ্টির ফলে ঢাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।

রাজধানীর শ্যামলী, যাত্রাবাড়ী, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি, জিগাতলা, নিউ মার্কেট, কল্যাণপুর, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হতে দেখা গেছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে আরও বলা হয় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত