রাজধানী ঢাকা থেকে স্কুলব্যাগে করে ৫ হাজার ২০০ পিস ইয়াবা নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ালিউল আলী সরদার (৩৫) নামে এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ শনিবার (১৮ মে) ভোররাত ৪টার দিকে জেলার সদরের গোকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান। গ্রেপ্তারকৃত ওয়ালিউল আলী সরদার দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার সরদারপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে সে নীলফামারী জেলার সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।
বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের এক যাত্রী ইয়াবা নিয়ে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে গোকুল এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনে তল্লাশি চালানো হয়৷ এসময় জি-৪ এর আসনে বসে থাকা ওয়ালিউল আলী সরদারের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
