রাইসির স্মরণে জাতিসংঘে এক মিনিটের নীরবতা, ক্ষুব্ধ ইসরায়েল

আপডেট : ২১ মে ২০২৪, ০৩:৫৫ পিএম

পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের স্মরণে গতকাল সোমবার এক মিনিট নীরবতা পালন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। আর এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের চিরশত্রু ইসরায়েল।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চলতি মে মাসের প্রেসিডেন্ট মোজাম্বিক। জাতিসংঘে নিযুক্ত মোজাম্বিকের রাষ্ট্রদূত পেদ্রো কমিসারিও আফনসো ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ তাঁর সফরসঙ্গীদের স্মরণে নিরাপত্তা পরিষদের সদস্যদের দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করতে বলেন।

তাঁর আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের সদস্যরা এক মিনিট নীরবতা পালন করেন।

আর এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। জাতিসংঘের এই পদক্ষেপকে লজ্জাজনক ঘটনা হিসেবে অভিহিত করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় গিলাদ বলেন, ‘আপনারা ঠিকই দেখেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের গণহত্যাকারী প্রেসিডেন্ট রাইসির স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে। কী লজ্জাজনক!

নিরাপত্তা পরিষদ বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন ইসরায়েলি রাষ্ট্রদূত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত