রাইসির মৃত্যুতে আজ বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত করে রাখা হয়েছে
  • নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে
আপডেট : ২৩ মে ২০২৪, ১২:০২ পিএম

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সহযাত্রীদের মৃত্যুর ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়া নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার।

এর আগে গত মঙ্গলবার (২১ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃত্যুতে ২৩ মে বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

প্রসঙ্গত, গত রোববার (১৯ মে) আজারবাইজানের সীমান্তের কাছে বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানসহ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা।

পরদিন সোমবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এরপরই উদ্ধার করা হয় রাইসিসহ অন্যান্যদের মরদেহ।

আজ বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে ইমাম রেজা মাজারে দাফন করা হবে ইরানের প্রয়াত এই প্রেসিডেন্টকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত