কলকাতায় মেট্রোর সময় বাড়ছে, চলবে রাত ১১টা পর্যন্ত

আপডেট : ২৪ মে ২০২৪, ০৬:০১ পিএম

ভারতের কলকাতায় মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে রাত ১১টায়ও মিলবে মেট্রো। শুক্রবার (২৪ মে) থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই বিশেষ মেট্রো পরিষেবা। বলার অপেক্ষা রাখে না, কলকাতা মেট্রোর এমন সিদ্ধান্তে উপকৃত হবেন রাতের অফিসফেরত যাত্রীরা।

কলকাতা মেট্রোর প্রধান জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ব্লু লাইনে শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বিশেষ মেট্রো পরিষেবা। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন রাত ১১টায় শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দমদম থেকে।

যাত্রাপথে এই বিশেষ মেট্রো থামবে সব স্টেশনেই। এজন্য প্রতিটি স্টেশনে একটি করে কাউন্টার খোলা থাকবে যেখান থেকে কার্ড বা টোকেন সংগ্রহ করতে পারবে যাত্রীরা। শিগগির পুরোদমে মেট্রো চালু করা হবে বলে জানা গেছে।

কিছুদিন আগেই মেট্রোর সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। অফিসযাত্রীদের কথা মাথায় রেখে রাতেও মেট্রো পরিষেবা চালুর আর্জি জানিয়ে একটি মামলা হয় উচ্চ আদালতে।

আবেদনকারীর আর্জি শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘এটি খুবই প্রয়োজনীয় আবেদন। যাত্রীদের কথা চিন্তা করে মেট্রোকে এ নিয়ে বিবেচনা করতে হবে।’

পরে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়, প্রযুক্তিগত কিছু সমস্যা থাকায় শেষ মেট্রোর সময় বাড়ানো হচ্ছে না। কিন্তু ভারতের কোনো মেট্রো শহরে এত তাড়াতাড়ি পরিষেবা শেষ হয় না। সেই সময় মেট্রো কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সদুত্তর দেয়নি।

কলকাতা মেট্রোর সাধারণ নিয়ম অনুযায়ী, সোম থেকে শুক্রবার পর্যন্ত কবি সুভাষ স্টেশনে থেকে শেষ মেট্রো ছাড়ে ৯টা ৪০ মিনিটে, যেটির গন্তব্য দমদম। পৌঁছায় রাত ১০টা ২৯ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। এই মেট্রো কবি সুভাষ স্টেশনে এসে পৌঁছায় ১০টা ২৯ মিনিটে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত