রাজধানীর আগারগাঁওয়ে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে মাটিবোঝাই একটি ট্রাক আঘাত করেছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আগারগাঁওয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কাফরুল থানার ওসি ফারুকুল আলম জানান, রাত আড়াইটার দিকে যাত্রীবাহী বাস শাহ ফতেহ আলী পরিবহণ আগারগাঁও পাসপোর্ট অফিসের দিক থেকে আগারগাঁও ক্রসিংয়ের দিকে আসছিল। এসময় মাটিভর্তি ডাম্প ট্রাকটি বিপরীত দিক থেকে এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ওসি আরও জানান, পুলিশ যাওয়ার আগেই দুই গাড়ির চালক পালিয়ে যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
