গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উঠানে বালতির পানিতে পড়ে ছামিরা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ দুর্ঘটনা ঘটে । নিহত ছামিরা আক্তার ওই গ্রামের সুজন মিয়ার মেয়ে।
শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শিবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রোকন আকন্দ। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত শিশুটি বাড়িতে খেলা করছিল। অন্যদিকে বাড়ির লোকজন ধান মাড়াই কাজে ব্যস্ত ছিল। এ সময় টিউবওয়েলের কাছে একটি পানি ভর্তি প্লাস্টিকের বালতি ছিল।
খেলার এক পর্যায়ে শিশু ছমিরা আক্তার সবার অজান্তে বালতির ভেতরের পানিতে ডুবে যায়। পরে স্বজনরা মৃত অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নিয়ে আসে।
