সৌদিতে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৪, ০৪:০২ পিএম

সৌদি আরবের রিয়াদে একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৬ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের হাজী বাড়ির সাত্তার মিয়ার ছেলে সাফিকুল মিয়া (৩২) ও একই এলাকার বাওয়াল বাড়ির আওয়াল মিয়ার ছেলে মোজাহিদ (২৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, সাফিকুল মিয়া দুই সপ্তাহ আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। আর মোজাহিদ আড়াই বছর যাবত রিয়াদে কর্মরত ছিলেন। একই এলাকার হওয়ায় মোজাহিদ ও সাফিকুল রিয়াদ শহরে একসঙ্গে থাকতেন ও কাজ করতেন। রোববার শহরের একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন একসঙ্গে মারা যান।

আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, একই গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে সচ্ছলতা আনতে গ্রামের ছেলেরা প্রবাসী হয়। একটি দুর্ঘটনায় আজ দুটি পরিবার অসহায় হয়ে পড়ল। নিহতরাই ছিলেন দুটি পরিবারের উপার্জনকারী। তিনি নিহতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত