পাকিস্তানের আফগানিস্তান সীমান্তে নিরাপত্তা বাহিনীর গত দুই দিনের অভিযানে বন্দুকযুদ্ধে ৭ সেনা ও ২৩ জঙ্গি নিহত হয়েছেন। পাকিস্তানি তালেবানের ঘাঁটি বলে পরিচিত উত্তর-পশ্চিমাঞ্চলে এসব অভিযান পরিচালনা করা হয়। সোমবার (২৭ মে) পাকিস্তানের সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর মেহের নিউজের।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৬ ও ২৭ মে এ অভিযান চালানো হয়। ২৬ মে পেশোয়ার জেলার হাসানখেল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযান চালানো হয়। সেখানে ছয় সন্ত্রাসী নিহত হয়। তবে অভিযানে ক্যাপ্টেন হুসাইন জাহাঙ্গীর ও হাবিলদার শফিকুল্লাহ নামের দুই সেনা শহীদ হন। অভিযানে আরও ছয় সন্ত্রাসীকে গ্রেফতার করা হয় এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়। ২৭ মে কেপির ট্যাঙ্ক জেলায় পরিচালিত আরেকটি অভিযানে সেনারা আরো ১০ সন্ত্রাসীকে হত্যা করেন।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, তৃতীয় অভিযানটি খাইবার জেলার বাগ এলাকায় চালানো হয়। সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে সাত সন্ত্রাসী নিহত হয়। আর দুই সেনা আহত হয়েছে।
অভিযানের বিষয়ে বিশদ জানায়নি সেনাবাহিনী। তবে অতীতে পাকিস্তানি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অঞ্চলটিতে অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর-পশ্চিমাঞ্চলে সংগঠিত হতে শুরু করেছে এই গোষ্ঠীর জঙ্গিরা।
তেহরিক-ই-তালেবান বা টিটিটি হিসেবে পরিচিত পাকিস্তানি তালেবান। আফগান তালেবান তাদের মিত্র হলেও নিজেরা পৃথক গোষ্ঠী বলে দাবি টিটিপির। ২০২১ সালে কাবুল দখল করে আফগানিস্তান শাসন করছে আফগান তালেবান। এরপর থেকে অনেক টিটিপি নেতা আফগানিস্তানে আশ্রয় নিয়েছেন।
