রিমালে গ্রামীণের ১০ মিনিট ও ৫০০ এমবি ফ্রি

আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:১১ পিএম

ঘূর্ণিঝড় রিমাল কর্তৃক দুর্যোগকবলিত অঞ্চলে ১০ মিনিট ও ৫০০ মেগাবাইট (এমবি) ফ্রি ইন্টারনেট দিয়েছে গ্রামীণফোন অপারেটর। এই ফ্রি মিনিট ও এমবির মেয়াদ ৪৮ ঘণ্টা। মঙ্গলবার (২৮ মে) বিকেলে গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সংক্রান্ত্র একটি ফোটোকার্ড পোস্ট করা হয়েছে। সেখানে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

ওই ফটোকার্ডে আরও উল্লেখ করা হয়, ‘ঘূর্ণিঝড় রিমাল আক্রান্ত দুর্যোগকবলিত অঞ্চলে আমাদের নেটওয়ার্ক টিম ২৪ ঘণ্টা তৎপর রয়েছে। যে কোনো সমস্যা মোকাবিলায় দুর্যোগের এই সময়ে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, খুলনা, যশোর ও বরিশাল অঞ্চলের গ্রামীণফোন গ্রাহকদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। কোনো চার্জ ছাড়াই এই সুবিধাগুলো নিতে ডায়াল করতে হবে *১২১*৫০৫০#।’

তবে নেটিজেনরা এ বিষয়ে মতামতের ঘরে বিভিন্ন মত প্রকাশ করেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘ওদিকে তো ইন্টারনেট ও নেটওয়ার্ক নাই, ব্যবহার করবে কীভাবে? তারচেয়ে সারাদেশ দেন, যারা পারবে তারা ব্যবহার করবে।’

আরেকজন লিখেছেন, ‘বিদ্যুৎ নাই নেটওয়ার্কও নাই তাই এই চরম অফার গরমফোনের (গ্রামীণফোনের) কাছ থেকে।’

ধন্যবাদ দিয়ে অপর আরেকজন নেটিজেন লিখেছেন, ‘এটাও অনেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো লেগেছে।’

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল রবিবার সন্ধ্যায়  বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এই ঝড়ে দেশের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে ও জমির ফসল ও মাছের ঘের ভেসে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত