গাছচাপায় দাদির মৃত্যু, বেঁচে গেল ৭ মাসের আবদুল্লাহ

আপডেট : ২৮ মে ২০২৪, ০৭:৫১ পিএম

বাংলাদেশ উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ উপকূল। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। এর মধ্যে ভোলার লালমোহনে ঘটেছে এক অলৌকিক ঘটনা। সেখানে গাছের নিচে চাপা পড়া সাত মাসের শিশু আবদুল্লাহ বেঁচে গেছে। এ সময় গাছের চাপায় মারা যান দাদি মনেজা খাতুন।

সোমবার (২৭ মে) ভোরে ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ঘর চাপায় মারা যান মনেজা। নিহত মনেজা খাতুন (৫৫) ওই এলাকার আবদুল কাদেরের স্ত্রী। আর আবদুল্লাহ আজাদের প্রথম সন্তান।

পরিবারের সদস্যরা জানান, সাত মাস বয়সী নাতি আবদুল্লাহকে নিয়ে টিনের ঘরের দক্ষিণ দিকের খাটে ঘুমিয়ে ছিলেন মনেজা। ভোর রাত ৪টায় ঝড়ে ঘরের পাশের আম গাছ পড়ে ঘরটি দুমড়ে মুচড়ে যায়। ঘরসহ চাপা পড়া গাছের নিচে পড়ে মনেজা খাটের ওপরই মারা যান। প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের লোকজন প্রতিবেশীদের সহায়তায় মনেজার মরদেহের কাছ থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আবদুল্লাহকে উদ্ধার করে।

এ খবর শুনে তাকে দেখতে আসে স্থানীয়রা। এসেছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত