যুবকের পেট থেকে বের হল নখ, সুঁই, চাবি, নাটবল্টু

  • যুবকটির শরীর থেকে ধাতব বস্তুগুলো সরাতে তিন ঘন্টা লেগেছিল চিকিৎসকদের
  • যুবকের পরিবার জানায়, পেট ব্যথা হলেই সে নখ, সুঁই ও কয়েন খেতেন তিনি
আপডেট : ২৯ মে ২০২৪, ০১:১৬ পিএম

চলতি মাসে শুরুতে তীব্র পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জয়পুরের এক যুবক। পরে এক্স-রে এবং নানারকম পরীক্ষা-নিরীক্ষা করে ওই যুবকের পেটের অবস্থা দেখে অবাক হয়ে যান চিকিৎসকরা।

এক্সরেতে দেখা যায়, যুবকের পেটের মধ্যে নখ,সুঁই,চাবি,নাটবল্টু, কয়েনের মত নানারকম বস্তু দেখতে পান তারা। পরে অস্ত্রোপচার করে ওই যুবকের পেট থেকে এসব জিনিস বের করা হয়।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক রাজেন্দ্র মান্ডিয়া গণমাধ্যমকর্মীদের জানান, মে মাসের ৬ তারিখ একজন যুবক গুরুতর পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন।

পরবর্তীতে এক্স-রে এবং সিটি স্ক্যান করে তার পাকস্থলীতে লোহার বস্তুর উপস্থিতি পাওয়া যায়।

রাজেন্দ্র মান্ডিয়া জানান, “যেহেতু লোহার বস্তুগুলো তার বৃহৎ অন্ত্রে পৌঁছে গিয়েছিল, চিকিৎসকদের ল্যাপারোস্কোপির মাধ্যমে যুবকটির শরীর থেকে ধাতব বস্তুগুলো সরাতে তিন ঘন্টার মত সময় লেগেছিল।"

যুবকের পরিবার জানান, পেট ব্যথা হলেই সে নখ, সুঁই ও কয়েন খেতেন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত