বসুন্ধরা কিংসের ঘরের মাঠ কিংস অ্যারেনা। তবে আজ তারা সেখানে খেলেছে অ্যাওয়ে দল হিসেবে। এই মাঠটা শেখ রাসেল ক্রীড়া চক্রেরও হোম।
স্বাগতিক রাসেলকে ১৩ মিনিটে এগিয়ে নিয়েছিলেন সার্বিয়ান ফরোয়ার্ড বালাভানোভিচ। তবে ম্যাচের শেষ দিকে মিগেল ফিগেইরা, রাকিব হোসেন ও শেখ মোরসালিন গোল করে চ্যাম্পিয়নদের লিগের শেষ ম্যাচে দিয়েছেন জয়ের স্বাদ।
আগেই টানা পঞ্চম লিগ শিরোপা নিশ্চিত করা কিংসের ১৮ ম্যাচ শেষে সংগ্রহ ৪৫ পয়েন্ট। রানার্স-আপ হওয়া মোহামেডানের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে লিগ শেষ করেছে তারা। শেখ রাসেল ১৯ পয়েন্ট নিয়ে লিগ শেখ করলো ষষ্ঠ স্থানে।
ময়মনসিংহে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাওয়া ব্রাদার্সের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ পুলিশ। ২৬ পয়েন্ট নিয়ে পুলিশ চারে শেষ করেছে। তলানীর ব্রাদার্সের সংগ্রহ মোটে সাত পয়েন্ট।
রাজশাহীতে চট্টগ্রাম আবাহনীকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চম হয়েছে ফর্টিস এফসি। তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। চট্টগ্রাম আবাহনী ১৯ পয়েন্টে হয়েছে সপ্তম।
মুন্সিগঞ্জের দশজনের শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়েও নবম হতে হয়েছে রহমতগঞ্জকে। ম্যাচের ৬৮ মিনিটে শেখ জামালের শাকিল হোসেন সরাসরি লালকার্ড দেখেন। শেখ জামাল ১৭ পয়েন্টে আটে ও ১৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ নয়ে শেষ করেছে।
