তাপমাত্রায় পাকিস্তানকে ছাড়িয়ে গেল ভারত

আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:০৯ পিএম

গত সোমবার (২৭ মে) পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর একদিন পর বুধবার (২৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ভারতের দিল্লিতে ৫২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ভারতের কোনো এলাকায় এত বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়নি। ফলে এটিই এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ তাপমাত্রা। খবর এনডিটিভির।

তাপমাত্রার কারণ ব্যাখ্যা করে ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) আঞ্চলিক প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, রাজস্থান থেকে যে গরম হাওয়া ভেসে আসে সেটা প্রথমে দিল্লি শহরের উপকণ্ঠের কয়েকটি এলাকায় আঘাত হানে। এই গরম হাওয়া এসে ইতিমধ্যে চরম আবহাওয়াকে আরও চরম করছে। মুঙ্গেশপুর, নরেলা ও নাজাফগড়ের মতো এলকায় এই গরম হাওয়া পূর্ণ শক্তিতে আঘাত হানে।
দিল্লির এখন যে তাপমাত্রা তা প্রত্যাশার চেয়ে ৯ ডিগ্রি বেশি। 

এদিকে বর্তমান পরিস্থিতিতে উত্তর ভারতের ৬ রাজ্যে ২৯ মে থেকে ৩০ মে পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি- এনসিআর, পশ্চিম উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে এই তীব্র তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি রয়েছে। শুক্রবারের পর থেকে উত্তর এবং মধ্য ভারতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এ বছর শুধু বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তানই তীব্র গরমে পুড়ছে না, পুরো এশিয়ার একই হাল। বিজ্ঞানীরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত